প্রকাশিত: Tue, May 9, 2023 10:47 AM
আপডেট: Fri, Jun 5, 2026 11:09 AM

অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড

মাজহারুল ইসলাম: ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। এ মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়।

জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে মগবাজারের বাসায় যান। একটি গুলি ভর্তি রিভলবারসহ শ্বশুরের বাসার সামনে থেকে তিনি গ্রেপ্তার হন। এ ঘটনায় ওইদিনই আরাভের বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন গোয়েন্দা টিমের তৎকালীন উপ-পরিদর্শক সুজন কুমার কুণ্ডু।

মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ১ মার্চ আরাভ খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার। একই বছরের ১০ মে আরাভের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।  এই মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন পান তিনি। এরপর জামিনে গিয়ে পলাতক থাকায় ২০১৮ সালের ২৪ অক্টোবর আরাভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।  

সম্প্রতি দুবাইয়ে নিজের স্বর্ণের দোকান উদ্বোধন করাতে সাকিব আল হাসান ও হিরো আলমকে নিয়ে যাওয়ায় আরাভ খান যে পুলিশ হত্যা মামলার আসামি তা প্রকাশ হয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় শুরু হয়।   সম্পাদনা: শামসুল বসুনিয়া